নাইজার নিয়ে ইকোওয়াসের ‘জরুরি বৈঠক’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারের সামরিক অভ্যুত্থান নিয়ে তাদের জরুরি বৈঠক স্থগিত করেছে। ঘানার রাজধানী আক্রায় শনিবার এ বৈঠক হওয়ার কথা ছিল। ‘কৌশলগত কারণ’ দেখিয়ে এই বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

এর আগে ইকোওয়াসের সদস্যদেশগুলো গত বৃহস্পতিবার নাইজারে সাংবিধানিক ব্যবস্থা ফেরাতে সশস্ত্র সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিয়েছিল। এ জন্য যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত হয়েছিল।

গত ২৬ জুলাই নাইজারের সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। সময়সীমা পার হওয়ার পর সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেয় আঞ্চলিক জোটটি।
এদিকে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের ঘোষণায় অভ্যুত্থানের সমর্থক কয়েক হাজার মানুষ নাইজারের রাজধানী নিয়ামেতে শুক্রবার বিক্ষোভ করেছেন। রাজধানীর কাছে অবস্থিত ফ্রান্সের বিমানঘাঁটির সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন অনেকে। এ সময় তাদের ‘ফ্রান্স নিপাত যাক’ স্লোগান দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights