নাঈমকে নিয়ে একটু বেশিই সমালোচনা করা হয়: রাজ্জাক

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে ওপেনিং পজিশন নিয়ে। আর ঘুরে-ফিরে এসছে নাঈম শেখের নাম। আফগানিস্তান সিরিজ থেকে নিয়মিত একাদশে খেলে যাচ্ছেন নাঈম। সিরিজটিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। তারপরও খেলেছেন ইমার্জিং এশিয়া কাপে। সেখানে আশানুরূপ খেলতে পারেননি। এবার এশিয়া কাপেও আছেন এই ওপেনার। তবে আগের মতোই বাজে পারফর্ম করে যাচ্ছেন।

ধারাবাহিক তার এই পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। যার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমেই দেখা যায়। সমালোচিত এই ক্রিকেটারকে নিয়ে অবশ্য পজিটিভ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানান বুঝলে কেউ সমালোচনা করতো না।

রাজ্জাকের ভাষ্য, ‘সমালোচনাতো থাকবেই। আপনারা তো সমালোচনার জন্যই আছেন, সমালোচনাতো করবেনই। কিন্তু বুঝলে সমালোচনা করার কথা না। এখন না বুঝে করলে খুব একটা কিছু বলার নাই। আমার কাছে মনে হয় একটু বেশিই করা হয় (সমালোচনা)। কারণ যারা করছে তারা কিন্তু বাংলাদেশের বাইরের কেউ না। সবাই হয়তো ভালো চায় বাংলাদেশের কোনো না কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে সমালোচনার পথটা ভুল। আমি শুনছি তাকে নিয়ে যা-তা বলা হচ্ছে।’
ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছেন নাঈম। তবে সেই পারফরম্যান্স দিতে পারছেন না জাতীয় দলে। এই বিষয়ে রাজ্জাক বলেন, ‘(দলে) না নেওয়ার মতো তো কোনো কিছু সে করেনি। জাতীয় দলে খেলার মতো কাজই সে করেছে, এখানে সে ক্লিক করতে পারেনি। তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ তা না। যখন আন্তর্জাতিক আঙিনায় সে পরিচিত হয়েছে তখন সে এতোটা খারাপ ছিল না।’

‘এখন যেরকম খেলছে…একটা সময় সে ভালো সময় কাটিয়েছে প্রিমিয়ার লিগে। এই মুহূর্তে আমরা বা ও যেরকম আশা করছে সেরকম হয়তো হচ্ছে না।’

তবে নাঈমকে নিয়ে আশাবাদী রাজ্জাক। তাকে এখনও দল থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন না বলে ইঙ্গিত দেন এই নির্বাচক। তিনি বলেন, ‘তার মানে এই না যে ওকে ছুঁড়ে ফেলা হবে, ওর উপর চাপ তৈরি করা হবে। একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে বা অন্য যেকোন পর্যায়ে খেলে…সে খারাপ খেললে কিন্তু নিজেই বুঝে। এতোভাবে বুঝাই দেওয়ার প্রয়োজন হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights