নাগেশ্বরীতে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাজাহান আলী মন্ডল (প্রায় মধ্যবয়সী) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজার সংলগ্ন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান আলী মন্ডল ওই গ্রামের মৃত এছাহক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে একটি স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন শাহাজাহান আলী মন্ডল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তিনি মারা যান বলে জানা গেছে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা করা হবে।
