নাটোরে কলাচাষী হত্যার ঘটনায় গ্রেফতার ১
নাটোর প্রতিনিধি
নাটোরে আবুল কালাম (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে লাভলু শেখ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে সদর উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাভলু কাফুরিয়া রিফুজিপাড়ার মো. শুকচাঁনের ছেলে।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, সদর উপজেলার কাফুরিয়া এলাকার কৃষক আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন। সর্বশেষ কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল তার। এই টাকা দিতে কামাল হোসেন কালক্ষেপণ করতে থাকে। পাওনা টাকা নিয়ে কালামের সাথে কামাল ও তার ভাই লাভলু শেখের ঝগড়া হয়। বুধবার সকালে কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিন ও তার ভাই লাভলু শেখ তাকে পিটিয়ে হত্যা করেন।
