‌‘নান্দনিক’র পথচলায় সংস্কৃতি প্রেমীদের ভালোবাসা

অনলাইন ডেস্ক
আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে পথচলা শুরু করেছে আবৃত্তি শিল্পীদের জন্য ওয়েবসাইট ‘নান্দনিক’। এ উপলক্ষ্যে শনিবার (১৩ জানুয়ারি) নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তীব্র ঠাণ্ডা উপেক্ষা করেই অনেকে সেখানে উপস্থিত হন। ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আবৃত্তি শিল্পী, কবি ও সংস্কৃতিপ্রেমী স্বজনেরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পী ক্রিষ্টিনা লিপি রোজারিও, সুতপা মণ্ডল, তাহরিনা পারভীন প্রীতি ও নাসিম বানু চাপার সঙ্গে উপস্থিত সবাই এতে কণ্ঠ মেলান।

এরপর ‘নান্দনিক’র সম্পাদক ও প্রকাশক শুক্লা রায় মঞ্চে আসেন। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ভিডিও প্রজেকটরের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা পুরস্কার বিজয়ী কবি নির্মলেন্দু গুণ ও একুশে পদক বিজয়ী আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। নান্দনিক এর পথচলার এই আয়োজনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। আরও শুভেচ্ছা জানান সাহিত্য একাডেমি নিউইয়র্কের পরিচালক মোশারফ হোসেন, দি অপটিমিস্টের চেয়ারম্যান মিনহাজ আহমেদ শাম্মু, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা সাগর লোহানী, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সেনগুপ্ত, কমিউনিটির বিশিষ্টজন প্যাট্টিক রোজারিও ও কবি বেনজীর শিকদার।

অনুষ্ঠানে আবৃত্তি করেন শিরীন বকুল, আবির আলমগীর, গোপন সাহা, সীতেশ ধর, ক্লারা রোজারিও, সাবিনা নীরু, শান্তা শ্রাবনী, এজাজ আলম, সেমন্তী ওয়াহেদ, সুমন শামসুদ্দীন, তাহরিনা পারভীন প্রীতি ও পারভীন সুলতানা। অনুষ্ঠানে দুই শিশু রাবিয়া সাবির ও আজমাইন স্বপ্নীল আবৃত্তি করে সবার মাঝে মুগ্ধতা ছড়ায়।

অনুষ্ঠানের শেষ পর্বে তাজুল ইমাম, ক্রিষ্টিনা লিপি রোজারিও ও এজাজ আলম সঙ্গীত পরিবেশন করেন। তবলায় ছিলেন স্বপন দত্ত, সাউন্ড ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন রিচার্ড রিকি গোমেজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights