নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সাধারণ জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির এই গাছের চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমাদের বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন সারা বাংলাদেশজুড়েই ২৫ কোটি চারা রোপন করবেন। আমাদের জাতীয় বনভূমির পরিমাণ কম। একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকার করা। সেই জায়গা থেকেই গাছের পরিমাণ বাড়ানোর জন্যই বিশেষ উদ্যোগ। এই উদ্যোগে বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলেই শরীক হবেন।
তিনি আরও বলেন, অনেকের বাসার আশেপাশে খালি জায়গা আছে সেগুলোতে গাছের চারা লাগাতে পারে। আমরা চাই প্রতিটি জায়গা থেকেই চারাগুলো রোপন করা হোক। প্রত্যেকটি ডিপার্টমেন্ট যার যার টার্গেট অনুযায়ী গাছগুলো লাগাবে। আজ আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চারা বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চাই এটা সামাজিক আন্দোলনের মতো করে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ৫০ কোটি চারা রোপন কার্যক্রম বাস্তবায়ন করতে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
