নারায়ণগঞ্জে ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলা কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ভূমিকম্পের সময় বৈদ্যুতিক তারের ঘর্ষণে ফুলকি ছড়িয়ে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে বন্দরের কুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কারখানাটির মালিক জুলহাস মিয়া।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরই বিকট শব্দে ট্রান্সফরমারটি কারখানার দেওয়ালে আঘাত করে। এসময় একটি তারের সঙ্গে অন্য আরেকটি তারের ঘর্ষণ লেগে ফুলকি ছড়িয়ে পড়ে ওই কারখানায়। সেই সঙ্গে কারখানার হাইড্রলিক প্রেস মেশিনের তেলের ড্রাম থাকায় বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

জুলহাস মিয়া বলেন, ভূমিকম্পের সময় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ বৈদ্যুতিক খুঁটির দুই তার সংস্পর্শে এসে আগুনের ফুলকি পড়ে তুলার ওপর। এতে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। তার দাবি, আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ পরে বলতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights