নারী উন্নয়নের পূর্বশর্ত সুশাসন প্রতিষ্ঠা করা : ইসি তাহমিদা আহমদ

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ বলেছেন, নারী উন্নয়নের পূর্বশর্ত সুশাসন ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, নারীরা কোনো দূর-দ্বীপের বাসিন্দা নয়। নারী-পুরুষ কিন্তু আলাদা নয়। সুশাসন প্রতিষ্ঠা হলেই আমাদের উন্নয়ন হবে। নারীর উন্নয়ন হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এবার নির্বাচনে নারীদের উপস্থিতি আশাব্যঞ্জক ছিল। মহিলা ভোটারদের উপস্থিতি জয়-পরাজয় নির্ধারণ করেছে। তবে প্রার্থী হিসাবে নির্বাচনে নারীর অংশগ্রহণ ছিল হতাশাজনক।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে আশা করব স্থানীয় সরকার নির্বাচনে নারীর নেতৃত্ব বাড়বে। আমদের সংরক্ষিত যে ৫০টি আসন রয়েছে, সেখানেও সরাসরি নির্বাচন হলেও নারীর অংশগ্রহণ বাড়বে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা ইতিহাসের সেরা নির্বাচন করেছি। তবে নারী নেতৃত্বে আমরা ভালো করিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নেয়, শুধু কমিশনের একার পক্ষে এটা করা খুবই কঠিন। এজন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে ‘সমতা নিশ্চিত করি নারী-পুরুষ মিলে ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এছাড়া ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights