নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার, ববি শিক্ষক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।
এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(২) ধারা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তের কার্যকারিতা ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে গণ্য হবে।
