নারীর অধিকার নিশ্চিত করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারীর অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলভিত্তিক আন্দোলন আরও শক্তিশালী করা, নিরাপদ জনপরিসর নিশ্চিত করা এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা।

শনিবার বরিশালে অনুষ্ঠিত ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ বিভাগীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এ সম্মেলনে বরিশাল বিভাগের ছয় জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ নারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীসহ প্রায় ১২০ জন অংশ নেন। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তৃণমূল ও নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীপক্ষের প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন নাহার। এ সময় নারীপক্ষের সদস্য সামিয়া আফরিন, দূর্বার নেটওয়ার্কের সদস্য ও শুভ’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে ৫১টি সুপারিশ নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। এর মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইন প্রণয়ন, বাল্যবিবাহ নিরোধ কমিটিকে সক্রিয় করা, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং বাস টার্মিনালসহ জনপরিসরে নারীর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

নারীপক্ষের নেতারা বলেন, সম্মেলনে গৃহীত সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী অধিকার আন্দোলন আরও বিস্তৃত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights