নাসির-তামিমার খালাস, প্রতিক্রিয়ায় যা বললেন বাদী রাকিব

অনলাইন ডেস্ক

ব্যভিচারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দেওয়ার রায়ে হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী রাকিব হাসান। তিনি দাবি করেছেন, মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ও নথি আদালতে উপস্থাপন করা হয়েছিল। এরপরও কাঙ্ক্ষিত বিচার না পাওয়ায় তিনি উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের প্রতিক্রিয়া জানান মামলার বাদী রাকিব হাসান।

তিনি বলেন, ‘নাসির আমাকে ফোন দিয়ে বলেছিল, সবকিছু জেনে-শুনেই সে বিয়ে করছে। আমরা যথাযথ প্রমাণ আদালতে জমা দিয়েছি। অনেক এভিডেন্স দিয়েছি, রিপোর্টও ছিল। এরপরও যদি বাংলাদেশে ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে?’

রাকিবের দাবি, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় এমন অনেক তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, যা তাদের অভিযোগের পক্ষে ছিল। কিন্তু আদালতের রায়ে তিনি সন্তুষ্ট নন।

তিনি বলেন, ‘অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার নেই।’

রায়ের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে রাকিব হাসান বলেন, আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights