নাহ, অলৌকিক কিছু আর হলো না: বিশ্বকাপের আগেই মহাবিপদে জার্মানি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল জার্মানি। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেছেন দলটির ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল। চোটের ধরন নিশ্চিত না হওয়া গেলেও, বিশ্বকাপ মিস করার খবরটি লেনার্ট নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার অনুশীলনের সময় চোট পান বায়ার্ন মিউনিখের এই উদীয়মান তারকা। এরপরই তাকে স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লেনার্ট লিখেছেন, “সবচেয়ে বড় টুর্নামেন্ট মিস করার আঘাত বর্ণনাতীত। বিশ্বকাপের জন্য ফিট থাকতে সব করেছিলাম। দুর্ভাগ্যবশত, সবচেয়ে অনাকাঙ্ক্ষিত মুহূর্তে ইনজুরিটা হয়ে গেল।”

জার্মান কোচ জুলিয়ান নাগালসম্যানও লেনার্টের ছিটকে যাওয়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি মোটেও ভালো মনে হচ্ছে না। আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে গুরুতর ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে জার্মানি। তবে এই ম্যাচে পায়ের পেশির চোটের কারণে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচ নাগালসম্যান। নয়্যারের অনুপস্থিতিতে আজ পোস্ট সামলাবেন অলিভার বম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights