নিখোঁজের এক দিন পর বেড়িবাঁধের ঢাল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজের এক দিন পর মো. ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার হরিণপালা এলাকার বেড়িবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল শরীফ উপজেলার তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে টাকা-পয়সা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে বাড়ি থেকে বের হন ইসমাইল। পরে তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী শেফালী বেগম বিষয়টি তেলিখালী পুলিশ ফাঁড়িতে জানান। পরদিন সকালে বাড়ির কাছে বেড়িবাঁধের ঢালে ইসমাইলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মরদেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার ডান কানের লতি ছেঁড়া এবং গলার নিচে থেঁতলানোর দাগ ছিল। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির কাছের বেড়িবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
