নিরবে নিভৃতে চলে গেল সাংবাদিক কাঙাল হরিনাথের প্রয়াণ দিবস

কুষ্টিয়া প্রতিনিধি

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৯তম প্রয়াণ দিবস আজ শুক্রবার (১৮ এপ্রিল)। ১৮৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল, সাধক ও সাহিত্যিক। তবে কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে কুষ্টিয়ার কুমারখালী কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে নেই কোনো আয়োজন। এছাড়াও উপজেলা প্রশাসন বা কোনো প্রেসক্লাবের পক্ষেই নেই কোনো আয়োজন।

শুধু জাদুঘরে অবস্থিত তার ম্যুরালে জাদুঘরের কর্মচারীরা দায়সারাভাবে পুষ্পস্তবক অর্পণ ও ফুলের মালা দিয়েছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন কাঙাল হরিনাথের বংশধররা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার কার্যালয়ের পাশে অবস্থিত গ্রামীণ সাংবাদিকততার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরের সরেজমিন গিয়ে দেখা যায়, সুনসান নিরাবতা। প্রধান গেটে ঝুলছে তালা। চত্ত্বরে অবস্থিত ম্যুরালে ফুলের মালা ও পুষ্পস্তবক রয়েছে।

এ সময় জাদুঘরের নিরাপত্তা কর্মী রুহুল আমিন বলেন, জাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মণ্ডল চলতি মাসের ৫ তারিখ যোগদান করেছেন। আজ কাঙাল হরিনাথের প্রয়াণ দিন। আবার আজই স্যারের (তত্ত্বাবধায়ক) বিয়ে। সেজন্য আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান পিছানো হয়েছে। পরে করা হবে।

কোনো আয়োজন না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার। তিনি বলেন, কাঙাল ভাঙিয়ে কতজন বড় লোক হয়েছে। তবে সেই কাঙাল কাঙালই আছে। কাঙালের মতন যাচ্ছে তার তিরোধান দিবস।

তিনি আক্ষেপ করে বলেন, মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন কাঙাল হরিনাথ। কিন্তু আজ কাঙালই বঞ্চিত। আমরাই সবচেয়ে বঞ্চিত, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। অরক্ষিত কাঙালের সমাধি ও ব্যবহৃত তৈসজপত্র। প্রশাসন তো দূরের কথা সাংবাদিকরাও এখন আর খোঁজখবর নেয়না।

কাঙাল হরিনাথের অনুষ্ঠানগুলো সাধারণত জাদুঘর কর্তৃপক্ষ করে থাকে বলে ফোনে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, আয়োজনের বিষয়টি জাদুঘর কর্তৃপক্ষ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights