নির্ধারিত সময়ের আগেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ

ময়মনসিংহ প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে এবার নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। সময়ের আগে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী।

মসিক-এর প্রশাসক রুকুনোজ্জামান রোকন আগেই ঘোষণা দিয়েছিলেন, ঈদের বর্জ্য সন্ধ্যা ৬টার মধ্যে সম্পূর্ণভাবে অপসারণ করা হবে। তবে মাঠপর্যায়ের কর্মীদের দ্রুত ও সমন্বিত কার্যক্রমের কারণে নির্ধারিত সময়ের আগেই পুরো শহর পরিচ্ছন্ন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরের তুলনায় এবার বর্জ্য ব্যবস্থাপনা অনেক বেশি সুশৃঙ্খল ছিল। দ্রুত সময়ের মধ্যে শহর পরিষ্কার হওয়ায় দুর্ভোগ কমেছে বলেও তারা মন্তব্য করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এবার সত্যিই ভালোভাবে কাজ হয়েছে। ঈদের পরের দিন শহর খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে, আগে এমনটা দেখা যেত না।’

এ বিষয়ে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ঈদকে কেন্দ্র করে আগে থেকেই একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। মাঠপর্যায়ের কর্মী, পরিচ্ছন্নতা বিভাগ এবং সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করায় সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights