নির্বাচন বিলম্বের যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : নবীউল্লাহ নবী

অনলাইন প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন না। নির্বাচন বিলম্বের যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। এখন আর সংস্কার ও বিচারের নামে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসময় নবীউল্লাহ নবী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।

তিনি আরও বলেন, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলই নির্বাচন চায়। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে। তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।

নবীউল্লাহ নবী বলেন, গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন।

নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights