নির্বাচন ভুয়া, ভোট বর্জন সফল

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এক বছর ধরে তারা বলে আসছেন, দেশের মানুষ এ সরকারকে বর্জন করেছে। সেই কথাটি ভোট বর্জনের মধ্যে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারের নির্বাচনের নাটক সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে। গতকাল দুপুরে তাঁর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গতকালের নির্বাচনকে ‘ভুয়া নির্বাচন’ বলেও আখ্যায়িত করেন তিনি। সাবেক এই মন্ত্রী বলেন, এটা কোনো নির্বাচন না। এটা একটা ভুয়া নির্বাচন। দেশি-বিদেশি সব গণমাধ্যমে এ মহান নির্বাচনের প্রতিবেদন বের হবে। তিনি বলেন, সকালের ভোট শুরুর পর থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি সংগ্রহ করেছি। সেখানে যে শুধু ভোটার শূন্য তাই নয়, অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, এই শীতের সকালে শত-শত ভোট কেন্দ্রের সামনে কুকুর রোদ পোহাচ্ছে। কিছু-কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করে মঈন খান বলেন, এটা দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মানুষকে ভয়-ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেদের প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না। আমাদের আন্দোলন সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights