নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সরোয়ার হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার সংসদীয় আসন-২১৪ (ফরিদপুর-৪) এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির ফরিদপুরের সিভিল জজ মো. রুহুল আমিনের স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।

নোটিশে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিভিল জজের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ৮ জানুয়ারি সিভিল জজের স্বাক্ষরিত নোটিশটি জারি করে বিচারিক কমিটিকে অবহিত করার জন্য ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আবু-জাহের বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফরিদপুর-৪) এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জামায়াতের প্রার্থীকে এই নোটিশ দিয়েছে। বিষয়টি আমি বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারি।

নোটিশের শিরোনামে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে এই শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না—সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মো. সরোয়ার হোসাইন গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন—এমন একটি ভিডিও গত বুধবার (৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, ওই দিন তিনি ও তাঁর সমর্থকেরা নির্বাচনী এলাকাভুক্ত ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর বিধি ৩, ১৮, ২৬, ২৭, ২৮ ও ৩০ এবং সংশ্লিষ্ট গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১(খ) ও ৩(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সরোয়ার হোসাইন বলেন, আমি এখনো নোটিশ হাতে পাইনি, শুধু শুনেছি। আমি কোনো মাইকে প্রচার বা গণসংযোগ করিনি এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো কর্মকাণ্ডও করিনি। বিষয়টি নিয়ে আমি লিখিত ব্যাখ্যা দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights