নির্বাচনে অংশ নিতে চার প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর, বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী।

এর আগে গতকাল সোমবার ২২ ডিসেম্বর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব পদে বহাল থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে হতে পারে। পাশাপাশি নির্বাচনী ব্যস্ততার কারণে ওই সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হবে না। আমি চাই না আমার ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম ব্যাহত হোক। তাই সার্বিক দিক বিবেচনায় রেখেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে সবার দোয়া কামনা করছি।

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও করপোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ফারজানা শারমিন পুতুল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তার পেশাগত ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা এবং আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে এসব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights