নির্বাচনে নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও অ্যাকশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপের শুরুতে বিভিন্ন ব্যানার–ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে নারী, যুবক, সিভিল সোসাইটি প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সংলাপে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নির্বাচন-সংক্রান্ত নানা প্রশ্ন করেন আমন্ত্রিত অতিথিদের। এতে নির্বাচনে পিভিসি ব্যানারের ব্যবহার, গাছে পেরেক দিয়ে পোস্টার সাঁটানো, প্রচারণায় শিশুদের ব্যবহার, সাইবার বুলিং, ভোটদানে জোর করে টিপসই নেওয়াসহ ইত্যাদি বিষয়গুলো উঠে আসে।

এ ছাড়া সংলাপে নারী ও যুবকদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পাশাপাশি প্রথমবার ভোটদানকারী তরুণ-তরুণীদের উৎসাহিত করা, সংরক্ষিত নারী আসনের সীমাবদ্ধতা নিয়ে জনসচেতনতা তৈরির বিষয়টিও আলোচনা করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান। এ ছাড়া জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক হুমায়ূন কবির, জেলা সহকারী নির্বাচন অফিসার সালমা খাতুন, কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলী ও উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights