নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংগঠনটির পাঁচ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, আকরাম হোসেন বাদল (৪৫), মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন (২৩)।
এ দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস।

অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। এরপর উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিটে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনায় একই দিনে পল্টন থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights