নিষেধাজ্ঞা কমল রোনালদোর, বিশ্বকাপে খেলতে আর বাধা নেই

পর্তুগাল দলের জন্য বড় স্বস্তির খবর। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুতর ফাউলের কারণে লাল কার্ড দেখে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ শুরুর ম্যাচগুলো নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়েই ‘বাঁচলেন’ তিনি। আগামী বছরের বিশ্বকাপে মাঠে নামতে কোনো বাধা থাকছে না রোনালদোর।

এই মাসের বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের কাছে ২–০ গোলে হারের ম্যাচে ডিফেন্ডার ডারা ও’শেকে কনুই মারেন রোনালদো। ফিফার নিয়ম অনুযায়ী সহিংস আচরণের শাস্তি সাধারণত তিন ম্যাচ। সে কারণে বিশ্বকাপের শুরুটা মাঠের বাইরে কাটতে পারে—এমন আশঙ্কা জোরালো হয়েছিল।

তবে শেষ পর্যন্ত ফিফা শাস্তি কমিয়েছে। রোনালদোকে দেওয়া হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা, বাকি দুই ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে এক বছরের জন্য। বিবিসি জানিয়েছে, রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই তার প্রথম লাল কার্ড। সেই বিষয়টি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা জানায়, স্থগিতাদেশের সময়ের মধ্যে একই মাত্রার ভুল করলে সেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচেই শাস্তির এক ম্যাচ সেরেছেন রোনালদো। সেই ম্যাচে ৯–১ গোলের বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে বিশ্বকাপের কোনো ম্যাচেই বাইরে থাকতে হচ্ছে না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights