নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের ইনজুরি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা, যা পুরো গ্রুপ পর্বেই তাকে মাঠের বাইরে রাখতে পারে।

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে জানা গেছে, নেইমার এখনো পুরোপুরি ফিট নন। স্কাই স্পোর্ট ইতালিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি জটিল হওয়ায় গ্রুপ পর্বেই তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড টু ইনজুরিতে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট নিয়েই তিনি বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিলেও এখনো দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে অংশ নেননি। চিকিৎসকদের তত্ত্বাবধানে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্র জানিয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। নতুন মূল্যায়নে আশঙ্কা করা হচ্ছে, পুরো গ্রুপ পর্বেই তাকে ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ কার্লো আনচেলত্তিকে।

ব্রাজিলের জন্য এটি বড় পরীক্ষা। ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের খরা কাটাতে নামা দলটির পরিকল্পনায় নেইমারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ছিল। তবে তাকে ছাড়াই প্রীতি ম্যাচে পানামা ও মিশরের বিপক্ষে জয় পেয়েছে সেলেসাওরা।

গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। পুনর্বাসন ঠিকঠাক হলে হাইতির বিপক্ষে ম্যাচে সীমিত সময়ের জন্য নেইমারকে নামানোর ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। নক আউট পর্বের কথা মাথায় রেখে তাকে পুরোপুরি ফিট করে তোলাই এখন মূল লক্ষ্য। এই সময়ে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের ওপরই আস্থা রাখছে দল।

সূত্রঃ ইয়াহু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights