নেইমারের মাইলফলক ছোঁয়া গোলে সান্তোসের জয়

অনলাইন ডেস্ক

ব্রাজিলিয়ান সিরি আ’লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিপক্ষে দারুণ চমক দেখাল রেলিগেশন অঞ্চলের সান্তোস। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারের একমাত্র গোলে শক্তিশালী ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে ৮৪তম মিনিটে গোলটি করেন নেইমার। মাঝমাঠে বল কেরে নেয় সান্তোস, বাঁ প্রান্তে লম্বা পাস পেয়ে গুইলের্মে ডি-বক্সে বাড়ান, সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত ড্রিবল ও নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে সমান লড়েছে সান্তোস। ফ্লামেঙ্গো ১০টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারলেও, সান্তোস ৮ শটের ৪টি রাখে লক্ষ্যে। গোল ছাড়াও নেইমার এদিন তৈরি করেন ৩টি গোলের সুযোগ, যার মধ্যে ২টি ছিল বড় সুযোগ। সঙ্গে সফল ড্রিবল করেছেন ২ বার।

এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের নতুন মাইলফলক ছুঁয়েছেন ৩৩ বছর বয়সী নেইমার। ৭৩২ ম্যাচে ৪৪৩ গোল ও ২৫৭ অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মৌসুমে এটি সান্তোসের হয়ে তার চতুর্থ গোল হলেও, লিগে এটাই প্রথম।

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে ১৩ নম্বরে। অন্যদিকে, হার সত্ত্বেও ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফ্লামেঙ্গো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights