নেপালে আকস্মিক পাহাড়ি ঢল: ভারতের উত্তর প্রদেশ ও বিহারে সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এদিকে, ভয়াবহ এই পাহাড়ি ঢলের পর ভারতের উত্তর প্রদেশ ও বিহারে সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গণ্ডক নদীর তীরবর্তী জেলাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
বুধবার নেপালের রাসুয়া জেলায় আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিব্বত সীমান্তের দিক থেকে আসা প্রবল পানির স্রোতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ভারতীয়সহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপাল থেকে ভারতের বিহারে প্রবাহিত প্রধান নদীগুলোর মধ্যে গণ্ডক ও কোসি উল্লেখযোগ্য। গণ্ডক নদী নেপালে নারায়ণী নামেও পরিচিত। নেপালের উজানে আকস্মিক পাহাড়ি ঢলের কারণে নদীটির পানিপ্রবাহ হঠাৎ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিহার প্রশাসন।
পরিস্থিতি পর্যবেক্ষণে বিহার সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। প্রয়োজনে তিনি নিজে দুর্গত এলাকায় যাওয়ার কথাও জানিয়েছেন।
বিহারের স্বাস্থ্য বিভাগও সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত সহায়তা দেওয়ার জন্য বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, নেপালের গণ্ডক নদীর উজান অববাহিকায় আকস্মিক পাহাড়ি ঢল এবং পানিপ্রবাহ দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনার কারণে রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গণ্ডক নদীর তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে নদীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে উত্তর প্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। গণ্ডক ও নারায়ণী নদীর পানির উচ্চতা বাড়ার সম্ভাবনায় মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি।
