নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন, দুই ভাই পলাতক

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহান বেপারী (২৫) ও ইমরান বেপারী (২২) পলাতক রয়েছেন।

অভিযুক্ত দুই ভাই ওই এলাকার নাসির বেপারীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ছেলেকে দেওয়ার জন্য নাসির বেপারী কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকা জুয়া ও নেশায় শেষ করে দুই ভাই। শুক্রবার রাতে তারা আবার বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন বলে পরিবারের অভিযোগ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

নাসির বেপারীর বড় ছেলে আলামিন বলেন, ‘আমার ছোট দুই ভাই সব সময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝামেলা করে। নেশার টাকা না দিলেই তারা বাবা-মায়ের ওপর অত্যাচার করে এবং বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দিয়েছিলাম। তারা সেই টাকা জুয়া খেলে ও নেশা করে শেষ করেছে। আজ আবার ৫০ হাজার টাকা চেয়েছে। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় বাড়িতে আগুন দিয়েছে। আমরা এখন এদের অত্যাচার থেকে কীভাবে মুক্তি পাব, সেটিই বুঝতে পারছি না।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নেশার টাকার জন্য তারা নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। এটি দুঃখজনক ঘটনা। মাদকের বিরুদ্ধে আগামীকাল থেকে সর্বোচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights