নো কিংস, ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

যুুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘আমরা কোনো রাজা চাই না’ (নো কিংস র‌্যালি) স্লোগানের সমাবেশ-মিছিলে শনিবার প্রকম্পিত হয়েছে সারা মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে হামলাসহ বিভিন্ন দেশে ট্রাম্পের আগ্রাসন, যুদ্ধের কারণে জ্বালানির (গ্যাস) মূল্য ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া, অভিবাসনবিরোধী অভিযানসহ বিশ্বের ৭২টি দেশে অভিবাসন ভিসা স্থগিতকরণ, কর্তৃত্ববাদী শাসনের অবতারণার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ মার্কিনিরা ‘রাজা চাই না’ কর্মসূচির ঘোষণা দেয়। এটি ছিল তৃতীয় কর্মসূচি- যা আমেরিকার ৫০ স্টেটের ছোট-বড় মিলিয়ে ৩ হাজার ৩০০ স্থানে অনুষ্ঠিত হয়।

নো কিংস র‌্যালিআয়োজকরা জানান, ৯০ লাখের বেশি মানুষ এতে অংশ নেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে একক কোনো দিনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সবচেয়ে বেশি মানুষের বিক্ষোভ। এর আগে ‘নো কিংস’ ব্যানারে গত জুনের কর্মসূচিতে ৫০ লাখ এবং অক্টোবরে ৭০ লাখের বেশি মার্কিনি অংশ নেন। ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, মিনেসোটা, ওরেগণ, সানদিয়েগো, সানফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, মিশিগান, শিকাগো, বস্টনে বড় বড় সমাবেশ হয় এবং বেশির ভাগ স্থানেই ডেমোক্র্যাটিক পার্টিতে সমাজতন্ত্রী হিসেবে পরিচিত অংশের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় (নিউইয়র্ক সময়) এ সংবাদ লেখা পর্যন্ত খবর পাওয়া জানা যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে দেশব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রধান প্রধান গণমাধ্যমেও সংবাদ প্রচারিত হয় র‌্যালির খবর। এদিকে ইঙ্গিত করে হোয়াইট হাউসের মুখপাত্র আবিগাইল জ্যাকসন মন্তব্য করেছেন যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গণমুখী কার্যক্রমের বিরুদ্ধে বিভ্রান্তি তৈরির অপকৌশল এবং যা ভাড়াটে সাংবাদিকের মাধ্যমে গণমাধ্যমে প্রাধান্য পাচ্ছে। এসব করে কোনো ফায়দা হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights