নোবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘এমব্রেসিং ইন্ডাস্ট্রি ৪.০ ফর সাসটেইনেবল বিজনেস গ্রোথ ২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। বুধবার নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল । এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আজম, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তানভীর আহমেদ।

উদ্বোধনী বক্তৃতায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল বলেন, ‘ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে রূপকল্প ২০৪১ এক যুগান্তকারী ভূমিকা রাখবে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নতুন প্রজন্মের গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং যুব সমাজের পরিশ্রম ও সহযোগিতার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি।’
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, প্রধানমন্ত্রী একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত দেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। আমরা যদি উচ্চ শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করি এবং আমাদের গ্র্যাজুয়েটদের সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পদার্পণ করতে পারবো।

উল্লেখ্য, টেকসই ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনের জন্য চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয়তা বিষয়ক এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষকগণ অংশগ্রহণ করেন এবং তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights