নোয়াখালীতে জুলাই-আগস্ট শহীদ পরিবারকে অনুদান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্টে শহীদ শাওনের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এই উপলক্ষ্যে শুক্রবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বাজার হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর কেশারপাড় ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হক সুমন, ব্যবসায়ী ইমাম হোসেন সুমন, ব্যবসায়ী আবু তাহের ব্যাপারী, নজরুল ইসলাম সুমন, রুহুল আমিন মেম্বার, আবদুর রহিম মজুমদার, আবুল হোসেন খন্দকার, নিউজ ২৪-এর মার্কেটিং অফিসার মশিউর রহমান ও মির্জা মো. মাসুদ।

অনুষ্ঠানে ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ২৩০ জন মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট প্রদান ও এলাকায় অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে নবগঠিত খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও এলাকার সামাজিক উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতি নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করেছে। অনুষ্ঠান শেষে একটি ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights