নোয়াখালীতে বাস চাপায় নারী-শিশু নিহত, চালকসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা সোনাপুরে এক ভবঘুরে ভিক্ষুক নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে বাস চাপায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সাথে বাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলে- সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে মিজানুর রহমান (৩১), সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (২৬) ও সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।

শুক্রবার দিবাগত গভীর রাতের দিকে হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভিক্ষুক ভবঘুরে। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।
র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে চালকসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে ভিক্ষুক বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার বিকালে তাকে জান্নাতুলের পরিবার বাসায় খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights