পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

পটুয়াখালী প্রতিনিধি

সাহিত্যচর্চা ও মুক্তবুদ্ধির বিকাশে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের সভাকক্ষে আয়োজিত এ সাহিত্য আড্ডা প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়।

বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সাহিত্য আড্ডায় কবিতা পাঠের পাশাপাশি মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের চিন্তা, অনুভূতি ও সমাজভাবনা প্রকাশ করেন। এতে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্ব পায়।

আড্ডার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি করা হয়। এরপর কবিতাটির ভাব, ভাষা, বিদ্রোহী চেতনা ও অন্তর্নিহিত দর্শন নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ‘বিদ্রোহী’ শুধু একটি কবিতা নয়, এটি অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে মানবমুক্তির এক অমোঘ ঘোষণা।

সভাপতি জহিরুল ইসলাম বলেন,’নজরুলের বিদ্রোহী কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমাজে অন্যায়, নিপীড়ন, অসত্য ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার যে শিক্ষা নজরুল দিয়েছেন, তা বর্তমান সময়ের তরুণদের গভীরভাবে ধারণ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও মুক্তচিন্তার প্রশ্নে তরুণ সমাজকে সচেতন, যুক্তিবাদী ও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। সাহিত্যচর্চাই পারে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আলোকিত করতে।

সাহিত্য আড্ডায় অংশ নেন বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিমন সিকদার, ক্রীড়া সম্পাদক নাইমুল ইসলাম শাওন, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হানি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার মেঘলা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার।
এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিসান খান, মারুফ ইসলাম, নাবিল, রুবাইয়াত হক মেহেদী, গাজী সালাহ উদ্দিন আবিদ, আসাদুল হক, মাসুমা বেবী, মাহফুজা, অন্তু বনিক, আব্দুল্লাহ আল রাকিব, জান্নাতুল, রুকাইয়া, সোনিয়া ও সাইফুলসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, তরুণ সমাজের সৃজনশীলতা, মানবিকতা ও সচেতনতা বিকাশে নিয়মিত সাহিত্য আড্ডা, পাঠচক্র ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights