পদক জিতলেই বোনাস, থাইল্যান্ডে বাংলাদেশের আরচ্যারি দল

অনলাইন ডেস্ক

ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-১) সামনে রেখে আজ শুক্রবার বিকেলে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ আরচ্যারি দল। ১০ সদস্যের এই দলে রয়েছেন ৬ জন পুরুষ ও ৪ জন নারী আরচ্যার। রিকার্ভ ও কম্পাউন্ড—দুই বিভাগেই পদকের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ব্যক্তিগত কিংবা দলগত ইভেন্টে স্বর্ণপদক জয়ীদের জন্য রাখা হয়েছে এক হাজার ডলার পুরস্কার। পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জসহ অন্যান্য পদক জয়ীদের জন্যও বিশেষ বোনাসের ব্যবস্থা রয়েছে বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের কর্মকর্তারা।

গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের দ্বিতীয় ধাপে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। জাপানের প্রতিপক্ষকে হারিয়ে পদক জয়ের সেই সাফল্যের ধারাবাহিকতা এবারও ধরে রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবারের দলেও তাকে ঘিরে আশাবাদী কোচ ও কর্মকর্তারা।

দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবার একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

এর আগে টঙ্গীর আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও কর্মকর্তারা। এ সময় তারা খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদেশের মাটিতে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights