পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকাডুবিতে তিন যাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার রাত ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়াঢ় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটনা।
নিখোঁজ হওয়া যাত্রীদের মধ্যে একজনের নাম মোহাম্মদ আলী। তিনি চর মাঝারদিয়াঢ় এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে চর মাঝারদিয়াঢ় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামীম হোসেন বলেন, পবার মধ্যচর থেকে ২০-২৫ জন যাত্রীবাহী একটি নৌকা চর মাঝারদিয়াঢ় এলাকার দিকে যাচ্ছিল। এ সময় মাঝ নদীতে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাটি। এতে নৌকাটি ডুবে গেলে তিন যাত্রী ব্যতীত বাকিরা সবাই সাঁতরে তীরে ওঠে। কিন্তু তিন যাত্রী এখনও নিখোঁজ আছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা বলেন, নৌকাডুবির ঘটনা সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো তথ্য আসেনি। এ ঘটনায় কেউ নিখোঁজ থাকলে আগামীকাল (২ সেপ্টেম্বর) সকালে আমাদের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাবে।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নৌকাডুবির ঘটনাটি এখনও আমি জানি না। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত খোঁজখবর নিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হবে।
