পবিত্র রমজান মাসে স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে কুড়িগ্রামে
সমাবেশ করেছে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ, কুড়িগ্রাম’। শনিবার (১০ জানুয়ারি)
সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে কুড়িগ্রাম সরকারি কলেজ, রাজারহাট মির ইসমাইল সরকারি কলেজ,
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম সিটি কলেজ,
ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, নাগেশ্বরী সরকারি কলেজ, কুড়িগ্রাম
আলিয়া মাদ্রাসা, রাজারহাট কামিল মাদ্রাসা ও নাগেশ্বরী কামিল মাদ্রাসার
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রাসেলের সঞ্চালনায় প্রধান বক্তব্য রাখেন
কুড়িগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী শেখ মাহমুদ। এছাড়া বক্তব্য দেন
কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আহমেদ সানি, কুড়িগ্রাম কালেক্টরেট
স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সিয়াম সাব্বির, ইউনিভার্সিটি অফ এশিয়া
প্যাসিফিকের শিক্ষার্থী মুহাম্মদ হাবিব, রাজারহাট কামিল মাদ্রাসার শিক্ষার্থী
মাহমুদুল হাসানসহ অন্যরা।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মহান আল্লাহ প্রদত্ত তাকওয়া অর্জনের মাস। এ
মাসে সিয়াম পালন, তারাবির নামাজ ও অন্যান্য ইবাদতের মাধ্যমে নৈতিকতা ও
চারিত্রিক গুণাবলি বিকশিত হয়। শিশুরা কাঁচা মাটির মতো এই সময় দ্বীনি
চর্চার সুযোগ পেলে তারা পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠবে। কিন্তু রমজানে
ক্লাস চালু থাকায় শিক্ষার্থীরা সঠিকভাবে রোজা ও ইবাদত পালন করতে পারছে না।
তারা বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ মুসলমান। রমজান মাসে ছুটি
পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। অতীতে রমজানে ছুটি না
দেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ২০২৫ সালে স্কুল বন্ধ রাখা হয়েছিল।
অথচ ২০২৬ সালে আবার রোজার মধ্যেই ক্লাস চালু করা হয়েছে, যা দুঃখজনক।
বক্তারা প্রশ্ন তোলেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে যদি রাষ্ট্রীয় ছুটি দেওয়া হয়,
তবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাসে কেন এই বৈষম্য? তারা
বলেন, কলেজ বন্ধ থাকলেও শিশুদের স্কুল খোলা রাখা অযৌক্তিক। বরং শিশুদের জন্য রমজানে
ছুটি বেশি জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights