পরবর্তী টার্গেট হতে পারে জর্ডান; হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবারের সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি। তবে সংঘাতের উত্তেজনা যেন এখানেই থামছে না।

এবার জর্ডানে হামলার হুমকি দিয়েছে ইরান। মূলত ইসরায়েলকে সহযোগিতা করলে জর্ডান পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি।

রবিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একটি সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছে, জর্ডান গুরুতর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে এবং ইহুদিবাদী দেশটির সাথে জোটবদ্ধ হলে তারা (ইরানের) পরবর্তী টার্গেট হতে পারে।

এর আগে সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান।

ইরানের এই হামলা প্রতিরোধে অবশ্য ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights