পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম!

শোবিজ ডেস্ক

টলিউডের অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় অনস্ক্রিন জুটি পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ কিংবা ‘সোনার কেল্লায় যকের ধন’-এর মতো একাধিক সফল সিনেমার মধ্য দিয়ে দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছেন তারা। যদিও পরমব্রতের সাম্প্রতিক কাজ ‘কিলবিল সোসাইটি’তে কোয়েলকে দেখা যায়নি, তবু এই জুটিকে পর্দায় ফের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে টলিপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার অনস্ক্রিন রসায়নের বদলে অন্য ভূমিকায় মিলছে তাদের সমীকরণ। জানা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন একটি প্রজেক্টে অভিনয় করতে চলেছেন কোয়েল মল্লিক। হইচই স্টুডিওজের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর প্রযোজনা সংস্থায় প্রত্যাবর্তন ঘটছে অভিনেত্রীর।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ছবির শুটিং কাজ শুরু হয়ে গিয়েছে। সিনেমাটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘বীরপুরুষ’। কোয়েল মল্লিক ছাড়াও এতে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো প্রথম সারির অভিনয়শিল্পীদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো পরমব্রত বা কোয়েল কারোর পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি ‘স্বার্থপর’ ও ‘মিতিন মাসি’র মতো ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন কোয়েল। অন্যদিকে পরমব্রতের ‘হাওয়া বদল ২’ও সমাদৃত হয়েছে। রাজনীতি ও অন্যান্য বিতর্ক থেকে নিজেদের দূরে রেখে এখন পুরোদমে কাজেই মন দিয়েছেন দুজনে। পরিচালক পরমব্রতের সঙ্গে অভিনেত্রী কোয়েলের এই নতুন রসায়ন দর্শককে কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights