পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর: দুদেশের কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা হবে

অনলাইন ডেস্ক

চীন সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন। এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলির ওপর মতবিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যাপক দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

দুই মন্ত্রী তাদের উন্নয়ন নীতি এবং কৌশলগত অগ্রাধিকারের সম্ভাব্য সমন্বয় নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনের গণ রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাতে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights