পর্দা নামল চট্টগ্রামের অমর একুশে বইমেলার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পর্দা নামল চট্টগ্রামের বইমেলার। এর মধ্য লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হওয়া চট্টগ্রামের অমর একুশে বইমেলা শেষ হলো। তবে শনিবারও চলবে বই বিকিকিনি।

শুক্রবার বইমেলা মঞ্চের সাংস্কৃতিক আয়োজনের মেলার সমাপ্তি হয়। সিআরবির শিরীষতলায় এবারের বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এবার সেরা স্টল হিসেবে অক্ষরবৃত্ত প্রকাশনী প্রথম, বাতিঘর প্রকাশনী দ্বিতীয়, প্রথমা ও বিদ্যানন্দ যৌথভাবে তৃতীয় পুরস্কার অর্জন করে। চট্টগ্রাম প্রেসক্লাবের স্টল বিশেষ পুরস্কার পায়।

মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীন দেশ গড়ার ইচ্ছা বাঙালির মনে জন্ম নেয়। অনেক দেশে গিয়েছি। কোনো দেশে ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড কেবল বিদেশি কোনো ভাষায় লিখতে দেখিনি। আমরা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। ভাষাপ্রেমের চেতনা যেন আমাদের অনেকের মাঝে কমে গেছে। আমি কিছুটা হতাশাবোধ করতাম। তবে, এবার বইমেলায় তরুণদের যে সাড়া দেখেছি তাতে আমি আশাবাদী। তরুণরা জাগলে বাংলা ভাষা বাঁচবে, বাঙালি বাঁচবে। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে বাঙালি জাতি। আসুন আমরা বাঙালি হই। আগামী বছর আন্তর্জাতিকমানের চট্টগ্রাম বইমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করছি।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অমর একুশে বইমেলার আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা সংসদের প্রধান সমন্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-স্বম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী। বক্তব্য রাখেন সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আলী প্র‍য়াস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, চসিক সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. জাবেদ, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, নুরুল আমিন, আবদুল মান্নান, আতাউল্লাহ চৌধুরী, মো. ইলিয়াছ, আনজুমান আরা, বইমেলা কমিটির সদস্য সচিব ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিক উপসচিব আশেকে রসুল চৌধুরী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কঙ্কণ দাশ এবং রুমিলা বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights