পশ্চিমবঙ্গে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ; নিহত ৭
কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গের পূর্ব মেদনীপুর জেলার এগরায় বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। তাতে অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে, আহত আরো একাধিক মানুষ। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিমত কমপক্ষে বিশ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিকে এগরার খাদিকুল গ্রামে ওই বাজি তৈরির কারখানায় ওই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে ভবনটি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে লাশ। আতঙ্কে মানুষজন ছোটাছুটি করতে থাকে।
জানা গেছে এদিন দুপুর ১ টার দিকে তীব্র বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠে। স্থানীয় বাসিন্দারা দেখতে পান একাধিক বাড়িতে আগুন জ্বলছে। বিস্ফোরণের সময় কারখানার ভিতর একাধিক ব্যক্তি কাজ করছিল। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।
গ্রামবাসীদের অভিযোগ বাজি কারখানার আড়ালে ওই কারখানায় বোমা তৈরি হতো। এও জানা গেছে যে বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতার। ইতিমধ্যেই তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ।
বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলন করেন। যদিও তিনি পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করে মমতা বলেন, ‘আমাদের কাছে যা খবর আছে তা হল পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে সাত জন হাসপাতালে ভর্তি।’
