পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায় মারা গেছেন

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় মারা গেছেন। তিনি ওই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা।

স্থানীয় সময় রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীন এই রাজনীতিক। তার প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন মুকুল রায়। মাঝে মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করাতে হতো। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল। মৃত্যুর খবর পেয়েই তার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা। রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছিল।

তৃণমূল থেকে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। গত ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। জিতে বিধায়ক নির্বাচিতও হয়েছিলেন। পরে ফের তৃণমূলে ফিরে আসেন মুকুল। তবে বিধায়কপদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল খাতায়কলমে বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন। তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানও করা হয়েছিল। তার বিধায়কপদ খারিজের মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। কলকাতা হাইকোর্ট খারিজের রায় দিলেও সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন মুকুল। তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। এক সময়ে রাজ্যসভার সদস্য পদের দায়িত্ব সামলেছেন। জাহাজ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর পরে রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন মুকুল। তবে রাজনীতির ময়দানে ‘বিধায়ক’ হিসাবেই যাত্রা শেষ করলেন এক সময়ের ‘বঙ্গ রাজনীতির চাণক্য’। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights