পাক-ভারত অধিনায়কের ‘হ্যান্ডশেক’র দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক
ব্যাপক নাটকীয়তার আবহেই আজ রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের আগে নতুন করে আলোচনায় এসেছে দুই দলের খেলোয়াড়দের করমর্দন প্রসঙ্গ। ম্যাচের আগের দিন অধিনায়ক সালমান আলী আগা ও সূর্যকুমার যাদব–কেউই স্পষ্ট করে জানাননি তাঁরা একে অপরের সঙ্গে হাত মেলাবেন কি না। এ বিষয়ে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করার কথাই জানিয়েছেন দুজন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার অবস্থানেই থাকতে পারে ভারতীয় দল। টসের সময় কিংবা ম্যাচ শেষে দুই অধিনায়কের করমর্দনের সম্ভাবনাও নাকি খুব কম।

এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে এই নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানা যায়। সেই ঘটনার পর আন্তর্জাতিক আসরে ভারতীয় পুরুষ ও নারী– উভয় দলই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন থেকে বিরত রয়েছে।

ভারত-পাকিস্তান দ্বৈরথ ঐতিহাসিকভাবেই বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত লড়াই। রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন প্রায়ই মাঠের বাইরের আবহকে প্রভাবিত করে। ফলে ম্যাচের ফলের পাশাপাশি খেলোয়াড়দের পারস্পরিক আচরণও সমানভাবে নজরে থাকে সমর্থক ও বিশ্লেষকদের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights