পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
অনলাইন ডেস্ক
দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর আফগানিস্তানে সবচেয়ে বড় হামলা চালিয়েছে পাকিস্তান। রবিবার ভোরের দিকের এই হামলায় আফগানিস্তানে কমপক্ষে ১৮ জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। পাকিস্তানের এ হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী নানগরহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের চালানো হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে ‘একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ঘরবাড়ি’ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ‘নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত’ হয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশীসুলভ নীতির লঙ্ঘন’ আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলার জন্য আমরা পাকিস্তানকে দায়ী করছি। আমরা উপযুক্ত জবাব দেব।
সূত্র : এএফপি ও আলজাজিরা।
