পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন পাকিস্তানের ৬৬ শতাংশ ও শ্রীলঙ্কার ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। অন্যদিকে ভারতের মোট প্রাপ্তবয়স্কের ২৫ শতাংশ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চের জরিপে উঠে এসেছে তথ্যগুলো।

ওয়াশিংটনভিত্তিক এই গবেষণাপ্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রাপ্তবয়স্ক মানুষদের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি গত বৃহস্পতিবার পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা গেছে, শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ৮ শতাংশ মানুষের।

২০২৪ সাল থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ভারতে তা ১০ শতাংশ কমেছে। জরিপ অনুযায়ী, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি মানুষের ইতিবাচক মনোভাবের ব্যবধানই সবচেয়ে বেশি।

শ্রীলঙ্কার বিপুলসংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪২ শতাংশ মানুষের, আর পাকিস্তানে এই হার মাত্র ৭ শতাংশ।

জরিপে বলা হয়েছে, চারটি দেশের মধ্যে একমাত্র শ্রীলঙ্কার প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাকি তিন দেশের উত্তরদাতারা।

একই সময়ে বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে, আর শ্রীলঙ্কায় বেড়েছে ১৪ শতাংশ। বাংলাদেশে যারা এ বিষয়ে কোনো উত্তর দেননি, তাদের হারও ১৭ শতাংশ কমেছে।

নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কোন দেশ- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন। জরিপ অনুযায়ী, বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে তাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণকারীদের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তাদের আস্থার বিষয়েও জানতে চাওয়া হয়। বিশেষ করে, আন্তর্জাতিক বিষয়াবলিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদির ওপর তারা কতটা আস্থা রাখেন- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কায় মোদির প্রতি সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব দেখা গেছে। অন্যদিকে বাংলাদেশে এই হার ৪২ শতাংশ। আর পাকিস্তানে মাত্র ৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights