পাচার হওয়া ৩৬ নারী-কিশোর-শিশুকে হস্তান্তর করলো ভারত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া বিভিন্ন বয়সের ৩৬ বাংলাদেশি নারী, কিশোর-কিশোরী ও শিশুকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে। রবিবার (২৭ মে) দুপুরে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশের বয়স ১৬ বছরের নিচে। তারা জানায়, মায়েদের সঙ্গে কাজের উদ্দেশ্যে ভারতে গেলে সেখানকার বিভিন্ন জায়গায় তারা দালালদের খপ্পরে পড়ে। পরে ভারতীয় পুলিশ তাদের বিভিন্ন প্রদেশ থেকে আটক করে এবং এক বছর ধরে দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো শহরের শেল্টার হোমে থাকতে হয়। অনেকের মায়েরা এখনও ভারতের বিভিন্ন জেলে বন্দী।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, ভারতীয় ইমিগ্রেশনের মাধ্যমে বিএসএফ ৩৬ জনকে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এরপর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ারসহ একাধিক এনজিও প্রতিষ্ঠান এসব শিশু-কিশোরদের আইনগত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে।
