পাটগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধর, গ্রেফতার ২

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম আজমের (২৫) ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল (৩ জানুয়ারি) পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। পরে তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে পৌরসভার কোটতলী এলাকার কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় গোলাম আজমের। এ সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া (৫৯), তার ছেলে সজীব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক বৃহস্পতিবার
আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লালমনিরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান বলেন, পাটগ্রাম উপজেলার সমন্বয়ক গোলাম আজমের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। পরে পাটগ্রাম পুলিশ দুজনকে আটক করেছে।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার, এটি মূলত পারিবারিক ঘটনা ছিল। এ ঘটনায় আসামি সজীব মিয়া ওরফে টাইগার ও দেদুল মিয়া নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights