পানিতে তলিয়ে গেছে স্কুল মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় বন্ধ রয়েছে খেলাধুলা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু। পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারে না। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথ পানিতে তলিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠের বিস্তীর্ণ অংশ পানিতে ডুবে রয়েছে। কোথাও কোথাও পানির ওপর শ্যাওলা ও জলজ উদ্ভিদ জমেছে। বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী পানি পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।
অভিভাবক কাইয়ুম হোসেন খান বলেন, ‘বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে আমরা উদ্বিগ্ন। দ্রুত মাঠ ভরাট ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।’
প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষা মৌসুমে মাঠে পানি জমে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ হয়। খেলাধুলা বন্ধের পাশাপাশি বিদ্যালয়ে প্রবেশেও সমস্যা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, নিচু মাঠে জলাবদ্ধতার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি খতিয়ে দেখে মাঠ ভরাট, পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
