পাবনায় হত্যা মামলার আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি:
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের কৃষ্টপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পাবনা শহরের ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ইসলাম নিলয়সহ দুইজন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১০৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়, যার মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেনও একজন আসামী।
ডিবি পুলিশের সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর কামিল হোসেনকে পাবনা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক থাকা অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights