পারফরম্যান্স ধরে রাখতেই আর্জেন্টিনা শিবিরে ৫০০ কেজি বিফ?

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়া দলটি এবার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের টিকিটের লড়াইয়ে নামছে। মাঠে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স যেমন আলোচনায়, তেমনি দলের খাদ্য ব্যবস্থাপনাও কাড়ছে নজর।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের পরিচিত খাদ্যাভ্যাস বজায় রাখতে যুক্তরাষ্ট্রে দলের বেস ক্যাম্পে প্রায় ৫০০ কেজি আর্জেন্টাইন গরুর মাংস পাঠিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা থেকে লোমো (Lomo), ভাসিও (Vacío), এন্ত্রানিয়া (Entraña), মাতামব্রে (Matambre), পেসেতো (Peceto) এবং আসাদো দে তিরা (Asado de tira)-সহ বিভিন্ন ধরনের বিফ বিশেষ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। দেশটির কঠোর স্বাস্থ্যবিধি ও আমদানি-সংক্রান্ত সব নিয়ম মেনেই এই চালান পৌঁছেছে দলের ক্যাম্পে।

আর্জেন্টিনা দলের সাপোর্ট স্টাফের মতে, বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ, ঘন ঘন ম্যাচ এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য খেলোয়াড়দের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ম্যাচের আগে ও পরে দলীয় বারবিকিউ আয়োজনও আর্জেন্টিনা শিবিরের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং চাপমুক্ত পরিবেশ বজায় রাখতেও এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর্জেন্টিনার এমন উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে নরওয়েও নিজেদের খাদ্যসংস্কৃতি বজায় রাখতে প্রায় ৫৮০ কেজি খাদ্যসামগ্রী সঙ্গে নিয়েছিল। সেই চালানে ছিল নরওয়েজিয়ান স্যামন, ট্রাউট, হ্যালিবাট এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী চিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights