পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো অন্যায্য চাপ মানবে না ইরান: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, নিজের দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান কোনো ধরনের অতিরিক্ত দাবি বা অন্যায্য চাপের মুখে নতি স্বীকার করবে না।

গত বছর জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা পুনঃরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো যৌক্তিক যাচাইকরণ প্রক্রিয়ায় সহযোগিতা করতে তারা সদা প্রস্তুত।

গত সপ্তাহে পুনরায় শুরু হওয়া এই আলোচনায় দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য লক্ষ্য করা গেছে। ইরান যেখানে আলোচনাকে শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে, সেখানে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের বিষয়টিও আলোচনার টেবিলে আনার দাবি তোলা হয়েছে।

ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান কোনো আগ্রাসনের মুখে পিছু হটবে না, তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। ১৯৭৯ সালে মার্কিন সমর্থিত শাহ শাসনের পতনের স্মরণে আয়োজিত এবারের বার্ষিক কর্মসূচিতে অন্য বছরের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেক বেশি কড়া।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights