পারিশ্রমিক-চুক্তির জটিলতায় ‘বার্বি’র সিক্যুয়েল নিয়ে শঙ্কা
অনলাইন ডেস্ক
বক্স অফিসে ঝড় তোলা এবং আটটি অস্কার মনোনয়ন পাওয়া হলিউডের আলোচিত সিনেমা ‘বার্বি’-র সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা থাকলেও আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে প্রকল্পটি। তারকাদের পারিশ্রমিক, চুক্তির শর্ত এবং স্বত্বের সময়সীমা নিয়ে জটিলতায় আটকে গেছে ওয়ার্নার ব্রাদার্সের উদ্যোগ।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘বার্বি’ বিশ্বজুড়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি আয় করে। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি তৈরির উদ্যোগ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। তবে খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলের কাছ থেকে নেওয়া সিনেমাটির স্বত্বের মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে না পারলে নতুন করে পুরো প্রকল্প সাজাতে হতে পারে স্টুডিওটিকে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিক্যুয়েলের জন্য প্রধান দুই তারকা মার্গো রবি ও রায়ান গসলিংকে সিনেমার লাভের বড় অংশ দিতে রাজি হয়নি ওয়ার্নার ব্রাদার্স। বিশেষ করে ‘কেন’ চরিত্রে অভিনয় করা অস্কার মনোনীত অভিনেতা রায়ান গসলিং পারিশ্রমিক বাড়িয়ে ২০ মিলিয়ন ডলার দাবি করায় আলোচনায় জটিলতা তৈরি হয়েছে।
প্রথম ‘বার্বি’ নির্মাণের সময় ওয়ার্নার ব্রাদার্স শুধু পরিচালক গ্রেটা গারউইগের সঙ্গে চুক্তি করেছিল। তবে মার্গো রবি, রায়ান গসলিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কলাকুশলীদের সঙ্গে সিক্যুয়েলের জন্য আগাম কোনো চুক্তি করা হয়নি। এ কারণে বর্তমান আলোচনায় তারকা ও নির্মাতাদের শর্ত পূরণ করা স্টুডিওটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময়সীমার মধ্যে সমঝোতা না হলে ম্যাটেলকে নতুন অভিনয়শিল্পী ও পরিচালক নিয়ে সিনেমাটি পুনরায় শুরু করতে হতে পারে।
ওয়ার্নার ব্রাদার্সের সহ-সভাপতি পাম অ্যাবডি ও মাইকেল ডি লুকা জানিয়েছেন, ম্যাটেল ও ‘বার্বি’র মূল টিমের কাছে বড় অঙ্কের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
অন্যদিকে মার্গো রবি ও গ্রেটা গারউইগ দ্রুত কাজ শুরু করার চেয়ে একটি শক্তিশালী গল্প তৈরির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। মার্গো রবি জানিয়েছেন, ‘বার্বি’কে কখনোই ট্রিলজি হিসেবে পরিকল্পনা করে তৈরি করা হয়নি। তবে নতুন কোনো চমৎকার ধারণা পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট সবাইকে যথাযথ মূল্যায়ন করা হলে আবারও এই চরিত্রে ফিরতে আগ্রহী তিনি।
বর্তমানে ‘বার্বি’র মূল টিমের সদস্যরা নিজেদের নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। মার্গো রবি কাজ করছেন ‘ওশেন’স ১১’-এর প্রিক্যুয়েল নিয়ে। রায়ান গসলিং যুক্ত হয়েছেন মার্ভেলের নতুন একটি প্রজেক্টে। আর গ্রেটা গারউইগ ব্যস্ত নেটফ্লিক্সের ‘নার্নিয়া’-র প্রচারণায়। ফলে ‘বার্বি ২’ কবে পর্দায় আসবে, তা এখনো নিশ্চিত নয়। তবে ভক্তদের অপেক্ষা নির্ভর করছে মূল টিমের সঙ্গে চুক্তি সফল হওয়ার ওপর।
